Recent

ads

রণ ভেরী

[গ্রীসের বিরুদ্ধে আঙ্গোরা-তুর্ক-গভর্ণমেন্ট যে যুদ্ধ চালাইতেছিলেন, সেই যুদ্ধে কামাল পাশার সাহায্যের জন্য ভারতবর্ষ  হইতে দশ হাজার স্বেচ্ছা-সৈনিক প্রেরণের প্রস্তাব শুনিয়া লিখিত] 
 
 ওরে  আয়! 
 ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়– 
 ওরে  আয়! 
 ঐ  ইস্‌লাম ডুবে যায়! 
 যত শয়তান 
 সারা ময়দান 
 জুড়ি  খুন তার পিয়ে হুঙ্কার দিয়ে জয়-গান শোন্ গায়! 
 আজ   শখ করে জুতি-টক্করে 
 তোড়ে  শহীদের খুলি দুশ্‌মন পায় পায়– 
 ওরে আয়! 
 তোর জান যায় যাক, পৌরুষ তোর মান যেন নাহি যায়! 
 ধরে ঝন্‌ঝার ঝুঁটি দাপটিয়া শুরু মুস্‌লিম-পঞ্জায়! 
 তোর মান যায় প্রাণ যায়– 
 তবে বাজাও বিষাণ, ওড়াও নিশান! বৃথা ভীরু সম্‌ঝায়! 
 রণ-দুর্মদ রণ চায়! 
 ওরে আয়! 
 ঐ  মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়! 
 ওরে আয়! 
 ঐ ঝননননন রণ-ঝনঝন ঝন্‌ঝনা শোনা যায়! 
 শুনি এই ঝন্‌ঝনা-ব্যঞ্জনা নেবে গঞ্জনা কে রে হায়? 
 ওরে   আয়! 
 তোর ভাই ম্লান চোখে চায়, 
 মরি লজ্জায়, 
 ওরে সব যায়, 
 তবু কব্‌জায় তোর শম্‌শের নাহি কাঁপে আফ্‌সোসে হায়? 
 রণ-দুন্দুভি শুনি খুন-খুবি 
 নাহি নাচে কি রে তোর মরদের ওরে দিলিরের গোর্দায়? 
 
 ওরে আয় 
 মোরা দিলাবার খাঁড়া তলোয়ার হাতে আমাদেরি শোভা পায়! 
 তারা  খিঞ্জির যারা জিঞ্জির-গলে ভূমি চুমি মূরছায়! 
 আরে দূর দূর! যত কুক্কুর 
 আসি শের-বব্বরে লাথি মারে ছি ছি ছাতি চড়ে! হাতি 
 ঘা‌'ল হবে ফেরু-ঘায়? 
 ঐ ঝননননন রণঝনঝন ঝন্‌ঝনা শোনা যায়! 
 ওরে আয়! 
 বোলে   দ্রিম্‌ দ্রিম্ তানা দ্রিম, দ্রিম্ ঘন রণ-কাড়া-নাকাড়ায়! 
 ঐ শের-নর হাঁকড়ায়– 
 ওরে আয়! 
 ছোড়্  মন-দুখ, 
 হোক কন্দুক 
 ঐ বন্দুক তোপ, সন্দুক তোর পড়ে থাক, স্পন্দুক বুক ঘা'য়! 
 নাচ্ তাতা থৈ থৈ তাতা থৈ– 
 থৈ তা‌ণ্ডব, আজ পাণ্ডব সম খাণ্ডব-দাহ চাই! 
 
 ওরে আয়! 
 কর কোর্‌বান আজ তোর জান দিল্ আল্লার নামে ভাই। 
 ঐ দীন্ দীন্-রব আহব বিপুল বসুমতী ব্যোম ছায়! 
 শেল– গর্জন 
 করি তর্জন 
 হাঁকে, বর্জন নয় অর্জন আজ, শির তোর চায় মায়! 
 সব গৌরব যায় যায়; 
 বোলে দ্রিম্ দ্রিম্ তানা দ্রিম্ দ্রিম্ ঘন রণ-কাড়া-নাকাড়ায়! 
 ওরে আয় ! 
 ঐ কড়কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সাজ্জায়! 
 ওরে  আয়! 
 মুখ ঢাকিবি কি লজ্জায়? 
 
 হুর্  হুর্‌রে। 
 কত দূর রে 
 সেই পুর রে যথা খুন-খোশ্‌রোজ খেলে হর্‌রোজ দুশ্‌মন-খুনে ভাই! 
 সেই বীর-দেশে চল্ বীর-বেশে, 
 আজ মুক্ত দেশে রে মুক্তি দিতে রে বন্দীরা ঐ যায়! 
 ওরে আয়! 
 বল্ 'জয় সত্যম্ পুরুযোত্তম', ভীরু যারা মার খায়! 
 নারী  আমাদেরি শুনি রণ-ভেরী হাসে খলখল হাত-তালি দিয়ে রণে ধায়! 
 মোরা রণ চাই রণ চাই, 
 তবে বাজহ দামামা, বাঁধই আমামা, হাথিয়ার পাঞ্জায়! 
 মোরা সত্য ন্যায়ের সৈনিক, খুন-গৈরিক বাস গা'য়। 
 ওরে আয়! 
 ঐ কড়কড় বাজে রণ-বাজা, সাজ সাজ রণ-সজ্জায়! 
 ওরে আয়! 
 অব–রুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব ফুকারি যায়! 
 তোপ্ দ্রুম্ দ্রুম্ গান গায়! 
 ওরে আয়! 
 
 ঐ ঝননরণন খঞ্জর-ঘাত পঞ্জরে মূরছায়! 
 হাঁকো হাইদার, 
 নাই নাই ডর, 
 ঐ ভাই তোর ঘুর-চর্খীর সম খুন খেয়ে ঘুর্ খায়! 
 ঝুটা  দৈত্যেরে 
 নাশি  সত্যেরে 
 দিবি জয়-টীকা তোরা, ভয় নাই ওরে ভয় নাই হত্যায়! 
 
 ওরে আয়! 
 মোরা খুন্‌-জোশি বীর, কঞ্জুশি লেখা আমাদের খুনে নাই! 
 দিয়ে সত্য ও ন্যায়ে বাদশাহি, মোরা জালিমের খুন খাই! 
 মোরা দুর্মদ, ভর্‌পুর্ মদ 
 খাই ইশ্‌কের, ঘাত-শম্‌শের ফের নিই বুক নাঙ্গায়! 
 লাল পল্টন মোরা সাচ্চা, 
 মোরা সৈনিক, মোরা শহীদান বীর বাচ্চা, 
 মরি জালিমের দাঙ্গায়! 
 মোরা অসি বুকে বরি হাসি মুখে মরি জয় স্বাধীনতা গাই! 
 ওরে আয়! 
 ঐ মহা-সিন্ধুর পার হতে ঘন রণ-ভেরী শোনা যায়!! 
 
 ——————————- 
 শম্‌শের– তরবারি। 
 খুন-খুবি– রক্তোন্মত্ততা 
 দিলির– সাহসী, নির্ভীক 
 দিলবার– প্রাণবন্তা। 
 জিঞ্জির– শিকল 
 শের-বববরে– সিংহ 
 শের-নর– পুরুষসিংহ 
 হাঁকাড়ায়– গর্জন করিতেছি 
 কোরবান– উৎসর্গ 
 খুন-খোশ-রোজ– রক্ত-মহোৎসব। 
 হররোজ– প্রতিদিন 
 আমামা – শিরস্ত্রাণ 
 নকিব– তূর্যবাদক 
 হাইদার– মহাবীর হজরত আলীর হাঁক 
 খুন-জোশ– রক্ত-পাগলামি 
 কঞ্জুশি– কৃপণতা 
 ইশকের– প্রেমের 
 শহীদান– Martyrs 
 
======

রণ ভেরী রণ ভেরী Reviewed by Ceramic on 03:52 Rating: 5

No comments:

Facebook

ads
Powered by Blogger.