Recent

ads

আগমনী

একি রণ-বাজা বাজে ঘন ঘন– 
 ঝন রনরন রন ঝনঝন! 
 সেকি    দমকি দমকি 
 ধমকি ধমকি 
 দামা-দ্রিমি-দ্রিমি গমকি গমকি 
 ওঠে চোটে চোটে, 
 ছোটে লোটে ফোটে 
 বহ্নি-ফিনিকি     চমকি   চমকি 
 ঢাল-তলোয়ারে খনখন! 
 একি    রণ-বাজা বাজে ঘন ঘন 
 রণ ঝনঝন ঝন রণরণ! 
 
 হৈ  হৈ রব 
 ঐ  ভৈরব 
 হাঁকে,   লাখে লাখে 
 ঝাঁকে  ঝাঁকে ঝাঁকে 
 লাল     গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে 
 ওই পালে পালে, 
 ধরা কাঁপে দাপে। 
 জাঁকে মহাকাল কাঁপে থরথর! 
 রণে কড়কড় কাড়া-খাঁড়া-ঘাত, 
 শির পিষে হাঁকে রথ-ঘর্ঘর-ধ্বনি ঘররর! 
 'গুরু গরগর' বোলে ভেরী তূরী, 
 'হর হর হর' 
 করি চীৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন! 
 ওঠে   ঝন্‌ঝা ঝাপটি দাপটি সাপটি 
 হু-হু-হু-হু-হু-হু-শনশন! 
 ছোটে  সুরাসুর-সেনা হনহন! 
 
 তাতা   থৈথৈ তাতা থৈথৈ খল খল খল 
 নাচে   রণ-রঙ্গিণী সঙ্গিনী সাথে, 
 ধকধক জ্বলে জ্বলজ্বল 
 বুকে   মুখে চোখে রোষ-হুতাশন! 
 রোস্ কোথা শোন্! 
 
 ঐ ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে, 
 ব্যোম মরুৎ স-অম্বর দোলে, 
 মম-বরুণ কী কল-কল্লোলে চলে উতরোলে 
 ধ্বংসে মাতিয়া  তাথিয়া তাথিয়া 
 নাচিয়া রঙ্গে! চরণ-ভঙ্গে 
 সৃষ্টি সে টলে টলমল! 
 
 ওকি   বিজয়-ধ্বনি সিন্ধু গরজে কলকল কল কলকল! 
 ওঠে কোলাহল, 
 কূট  হলাহল 
 ছোটে   মন্থনে পুন রক্ত-উদধি, 
 ফেনা-বিষ ক্ষরে গলগল! 
 টলে   নির্বিকার সে বিধাত্রীরো গো 
 সিংহ-আসন টলমল! 
 কার   আকাশ-জোড়া ও আনত-নয়ানে 
 করুণা-অশ্রু ছলছল! 
 
 বাজে মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁজর ঝম্ঝম, 
 নাচে ধূর্জটি সাথে প্রমথ ববম্ বম্‌বম্! 
 লাল লালে-লাল ওড়ে ঈশানে নিশান যুদ্ধের, 
 ওঠে ওঙ্কার রণ-ডঙ্কার, 
 নাদে ওম্ ওম্ মহাশঙ্খ বিষাণ রুদ্রের! 
 ছোটে   রক্ত-ফোয়ারা বহ্নির বান রে! 
 কোটি   বীর-প্রাণ 
 ক্ষণে  নির্বাণ 
 তবু শত সূর্যের জ্বালাময় রোষ 
 গমকে শিরায় গম্‌গম্! 
 ভয়ে   রক্ত-পাগল প্রেত পিশাচেরও 
 শিরদাঁড়া করে চন্‌চন্! 
 যত    ডাকিনী যোগিনী বিস্ময়াহতা, 
 নিশীথিনী ভয়ে থম্‌থম্! 
 বাজে  মৃত সুরাসুর-পাঁজরে ঝাঁঝর ঝম্‌ঝম্! 
 
 ঐ অসুর-পশুর মিথ্যা দৈত্য-সেনা যত 
 হত  আহত করে রে দেবতা সত্য! 
 স্বর্গ, মর্ত, পাতাল, মাতাল রক্ত-সুরায়; 
 ত্রস্ত বিধাতা, 
 মস্ত পাগল পিনাক-পাণি স-ত্রিশূল প্রলয়-হস্ত ঘুরায়! 
 ক্ষিপ্ত সবাই রক্ত-সুরায়! 
 
 চিতার উপরে চিতা সারি সারি, 
 চারিপাশে তারি 
 ডাকে কুক্কুর গৃহিনী শৃগাল! 
 প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল! 
 প্রলয়-দোলায় দুলিছে ত্রিকাল!! 
 আজ   রণ-রঙ্গিণী জগৎমাতার দেখ্ মহারণ, 
 দশদিকে তাঁর দশ হাতে বাজে দশ প্রহরণ! 
 পদতলে লুটে মহিষাসুর, 
 মহামাতা ঐ সিংস-বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে– 
 শাশ্বত নহে দানব-শক্তি, পায়ে পিষে যায় শির পশুর! 
 'নাই দানব 
 নাই অসুর,– 
 চাইনে সুর, 
 চাই মানব!'– 
 বরাভয়-বাণী ঐ রে কার 
 শুনি, নহে হৈ রৈ এবার! 
 
 ওঠ্ রে ওঠ্, 
 ছোট্ রে ছোট্! 
 শান্ত মন, 
 ক্ষান্ত রণ!– 
 
 খোল্ তোরণ, 
 চল্ বরণ 
 করব্ মা'য়; 
 ডর্‌ব কায়? 
 ধরব পা'য় কার্ সে আর, 
 বিশ্ব-মা'ই পার্শ্বে যার? 
 আজ   আকাশ-ডোবানো নেহারি তাঁহারি চাওয়া, 
 ঐ শেফালিকা-তলে কে বালিকা চলে? 
 কেশের গন্ধ আনিছে আশিন-হাওয়া! 
 এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ঐ, 
 সরসিজ-নিভ শুভ্র বালিকা 
 এল  বীণা-পাণি অমলা ঐ! 
 
 এসেছে গনেশ, 
 এসেছে মহেশ, 
 বাস্‌রে বাস্! 
 জোর উছাস্!! 
 এল সুন্দর সুর-সেনাপতি, 
 সব মুখ এ যে চেনা-চেনা অতি! 
 বাস্ রে বাস্‌   জোর উছাস্!! 
 
 হিমালয়! জাগো! ওঠো আজি, 
 তব সীমা লয় হোক। 
 ভুলে যাও শোক– চোখে জল ব'ক 
 শান্তির– আজি শান্তি-নিলয় এ আলয় হোক! 
 ঘরে ঘরে আজি দীপ জ্বলুক! 
 মা'র আবাহন-গীত্ চলুক! 
 দীপ জ্বলুক! 
 গীত চলুক!! 
 আজ   কাঁপুক মানব-কলকল্লোলে কিশলয় সম নিখিল ব্যোম্! 
 স্বা-গতম্! 
 স্বা-গতম্!! 
 মা-তরম্! 
 মা-তরম্!! 
 ঐ   ঐ  ঐ  বিশ্ব কণ্ঠে 
 বন্দনা- বাণী লুণ্ঠে-'বন্দে মাতরম্!!!' 
 
======

আগমনী আগমনী Reviewed by Ceramic on 04:00 Rating: 5

No comments:

Facebook

ads
Powered by Blogger.